২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টের ছাত্র বিক্ষোভ : ৭ ছাত্রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

২০০৭ সালের ছাত্র বিক্ষোভের ঘটনার দ্বিতীয় বর্ষ পূর্তিতে সাত ছাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ছাত্র বিক্ষোভের ঘটনার দ্বিতীয় বর্ষ পূর্তিতে সাত ছাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের আগস্টে ছাত্র-বিক্ষোভের সময় ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ করে বিভিন্ন ছাত্র সংগঠন। কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট ২২ আগস্ট 'ছাত্র-শিক্ষক নির্যাতন প্রতিরোধ দিবস' উপলক্ষ্যে ডাকসু ভবনের সামনে এক সমাবেশ করে। এতে বক্তারা ছাত্র-শিক্ষক নির্যাতনের হোতাদের আটক, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ স্থায়ীভাবে বন্ধ এবং সাত ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী আলাদাভাবে মিছিল ও সমাবেশ করেছে। ২০০৭ সালের ২০ আগস্ট জরুরী অবস্থার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে খেলা দেখাকে কেন্দ্র করে সেনা সদস্য ও ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সেনা সদস্যরা ছাত্রদের মারধর করলে প্রতিবাদে ছাত্র বিক্ষোভ শুরু হয়। এটা পরবর্তী সময়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় সেনা সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে ও বাইরে ব্যাপক তল্লাশী চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ছাত্র বিক্ষোভের ঘটনায় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ব্যাপক প্রতিবাদের মুখে রাষ্ট্রপতি শিক্ষকদের দন্ড মওকুফ করলেও সাত শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/২০০৪ ঘ.