মাদারীপুর, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার খাসেরহাট সামাদ চৌধুরীরকান্দি গ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। একই সময় তারা বাড়ির গৃহকর্তার ছেলেবউকে অপহরণ করে নিয়ে যায়।
সরাফউদ্দিনের বাড়িতে শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকাপয়সা এবং স্বর্ণাংলকারসহ মূল্যবান মালামালও নিয়ে যায়।
অপহৃত গৃহবধূ হলেন জয়নাল বেপারীর স্ত্রী আকলিমা আক্তার (২৮)। জয়নাল সরাফউদ্দিনের ছেলে।
জয়নাল বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২ থেকে ১৫ জনের ডাকাতদল রাত ১২টার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে।
''এ সময় আমার স্ত্রীকেও অপহরণ করে নিয়ে যায় তারা।"
এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের করবেন বলে জয়নাল জানান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ঘটনাটি তিনি জানেন না। তবে অভিযোগ নিয়ে কেউ থানায় এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24