চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে খালে পড়ে যাওয়া বাসের এক যাত্রীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে।
সকাল ১১টার দিকে উপজেলার ভাঙারপুল খাল থেকে আবু তাহের (২৮) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আখতার।
চট্টগ্রাম পুলিশের হাটহাজারী সার্কেলের এ কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি সকালে উদ্ধার করা হয়েছে এবং আর কোনও যাত্রী নিখোঁজ নেই।
খাগড়াছড়ি যাওয়ার পথে অনুকূল পরিবহনের ওই বাসটি শুক্রবার রাত ৯টার দিকে ভাঙার পুলের রেলিং ভেঙে খালে পড়ে যায়।
নিহত তাহের চট্টগ্রামের ফরহাদাবাদ এলাকার মাহমুদাবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। সকাল ১১টার দিকে তার লাশ পাওয়া যায়।
দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতাবস্থায় ১০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলো। তবে অনেকেই সাঁতরে কূলে উঠে আসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১০ ঘ.
bdnews24