পটুয়াখালী, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরিঘাটের পন্টুন ডুবে যাওয়াসহ নানা কারণে এক মাসে সাতবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঢাকা থেকে চার ঘণ্টায় যাওয়ার আশার কথা শোনালেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ।
তিনি আশ্বাস দিয়েছেন, কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শুক্রবার রাতে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পটুয়াখালীর সাংসদ ফিরোজ।
পর্যটন কেন্দ্র হিসেবে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সম্ভাবনা তুলে ধরে হুইপ বলেন, "পদ্মা সেতু, দপদপিয়া সেতু, লেবুখালী সেতু এবং কলাপাড়ার তিনটি সেতু নির্মাণ শেষ হলে গাড়িতে মাত্র সাড়ে তিন থেকে পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে পর্যটকরা কুয়াকাটায় যেতে পারবেন।
"কুয়াকাটা হবে বিশ্বের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। আর কুয়াকাটাকে ঘিরেই দক্ষিণাঞ্চলের ৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।"
তবে কবে নাগাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, তা স্পষ্ট করেননি ফিরোজ।
সূর্যোদয় ও সূর্যাস্ত একই স্থান থেকে দেখা যাওয়ায় পর্যটকদের কাছে কুয়াকাটা সৈকতের গুরুত্ব রয়েছে। তবে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় অনেকে সেখানে যেতে নিরুৎসাহিত হন।
কলাপাড়া উপজেলায় হাজীপুর ফেরিঘাটের পন্টুন ডুবে বৃহস্পতিবার ১২ ঘণ্টা কুয়াকাটা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ নিয়ে বিভিন্ন কারণে গত এক মাসে সাতবার কুয়াকাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
পার্বত্যাঞ্চল থেকে আংশিক সেনা প্রত্যাহারে সরকারের অবস্থান ব্যাখ্যা করে ফিরোজ বলেন, "সেনা প্রত্যাহার ইস্যুতে বিরোধীরা সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করছে। শান্তিচুক্তি অনুযায়ী সরকার পাহাড়ি ও বাঙালিদের নিরাপত্তা বিধান করবে। তবে সরকার প্রয়োজন মনে করলে যেকোন সময় সেখানে সেনা মোতায়েন করবে।"
মতবিনিময় সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাংবাদিক গোলাম মোস্তফা তালুকদার বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24