চট্টগ্রাম, আগস্ট ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে সেতুর রেলিং ভেঙে শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।
দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এপর্যন্ত ১০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনো অনেক যাত্রী দুর্ঘটনাকবলিত বাসটিতে আটকা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে।
বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলো।
পুলিশের হাটহাজারী অঞ্চলের সহকারী কমিশনার বাবুল আখতার রাত ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি। আহত ১০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো যাত্রী দুর্ঘটনাকবলিত বাসটিতে আটকা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে।"
ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক জসিমউদ্দিন বলেন, "স্থানীয়রা বলছে আরো ২০-২৫ জন যাত্রী বাসের মধ্যে আটকা পড়ে থাকতে পারেন। দমকলের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে খাদের পানি অনেক বেশি থাকায় বাসটি উদ্ধারে আরো সময় লাগবে।"
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত নয়টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে হাটহাজারী সদর ইউনিয়নের ভাঙ্গার পোল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রেলিং ভেঙ্গে বাসটি খাদে পড়ে যায়।
এর আগে সন্ধ্যায় স্থানীয় একটি দৈনিকের সংবাদদাতা কেশব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪০ জনের মতো যাত্রী নিয়ে অনুকূল পরিবহনের একটি বাস খাগড়াছড়ির পথে সন্ধ্যায় চট্টগ্রাম ছেড়ে আসে। রাত নয়টার দিকে বাসটি ভাঙ্গার পুল পার হওয়ার সময় রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়।
কেশব কুমার আরো জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খাদটিতে পানির গভীরতা বেড়ে যাওয়ায় যাত্রীসহ বাসটি পানির নিচে তলিয়ে যায়। রাত পৌনে ১০ টায় পুলিশ র্যাকার এর সাহায্যে বাসটি উদ্ধারের কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/এইচএ/০০৩০ ঘ.
bdnews24