ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় রেজাউল করিম মিঠু (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার শিকার কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের ২৯/১ বাবর রোডের বাসায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেন রেজাউল করিম। তার আড়াই বছরের পুত্র সন্তানকে নিয়ে স্ত্রী বাড়ির বাইরে রাত কাটান। এরপর ফাঁকা বাড়িতে রাত ৩টার দিকে ১৪-১৫ বছর বয়সী ওই গৃহকর্মীকে ধর্ষণ করে রেজাউল করিম।
শুক্রবার ওই গৃহকর্মী মোহাম্মদপুর থানায় এসে অভিযোগ (মামলা) করলে পুলিশ গিয়ে রেজাউল করিমকে গ্রেপ্তার করে।
রেজাউল করিমের বাড়ি লালমনিরহাটে। সেখানে তার পোল্ট্রি খামার রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24