রংপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মূল নায়ক এবং ষড়যন্ত্রকারী ছিলেন বলে দাবি করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী।
হত্যার ঘটনা তদন্তে জাতীয় কমিশন গঠনের জন্য সরকার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "শুধু হত্যাকারী কয়েকজনের বিচার করলে চলবে না, জিয়াউর রহমানেরও বিচার করতে হবে।"
বৃহস্পতিবার রাতে রংপুর টাউন হল মিলনায়তনে 'শোকাবহ আগস্ট: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা' শীর্ষক আলোচনা সভায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।
শওকত আলী বলেন, "জাতীয় তদন্ত কমিশন গঠন করা হলে আমি সাক্ষ্য দেব। কারণ আমি অনেক ঘটনার সাক্ষী।"
তিনি বলেন, "কর্নেল রশীদ, ফারুক, হুদাসহ কয়েকজনের বিচার হচ্ছে। হয়তো তাদের ফাঁসি হবে এবং তা কার্যকরও হবে। কিন্তু বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী যে জিয়াউর রহমান তা দেশবাসীকে তদন্তের মাধ্যমে জানাতে হবে।"
ডেপুটি স্পিকার বলেন, "জিয়াউর রহমান মারা গেছেন। তাই বলে তার কি বিচার হবে না? বিচার করে তার স্বরূপ জনগণের কাছে প্রকাশ করতে হবে।"
তিনি বলেন, "আমরা জিয়া হত্যার প্রতিবাদ করেছিলাম। কিন্তু খালেদা জিয়া বা বিএনপির কোনো নেতা কি বলেন বঙ্গবন্ধুকে হত্যা করা ঠিক হয়নি? তাইতো সাকা চৌধুরীর মতো ব্যক্তিরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে অশালীন মন্তব্য করেন।"
যারা এ ধরনের অশালীন বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ রংপুর জেলা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহবায়ক আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাংসদ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রাজু, মুক্তিযোদ্ধ সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সালাম পিন্টু, জেলা সম্পাদক রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এইচএ/২৩৪৪ ঘ.
bdnews24