ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে ধরা হয়েছে এমন দুজন আসলে গুলিতে নিহত হয়েছে বলে জানা গেল ময়নাতদন্তের পর।
নিহত এ দুজন হচ্ছে ভ্যানচালক কামাল হোসেন ও ব্যবসায়ী ওমর ফারুক ওরফে পাখি।
বুধবার গভীর রাতে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে ভ্যানচালক কামালের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় শেরে বাংলা নগর থানা পুলিশ। বৃহস্পতিবার ময়না তদন্তে তার মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শামীম হাসান বলেন, "বুধবার ভোরে কামাল নামে একজনকে কে বা কারা গুলি করে সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।"
উপ-পরিদর্শক শামীম জানান, খবর পেয়ে প্রথমে কামালের স্ত্রী ময়না বেগম এসে লাশ গ্রহণ করেন ও শেরেবাংলা নগর থানায় একটি দুর্ঘটনার মামলা দায়ের করেন। পরে ময়নাতদন্তে তার মাথায় গুলি করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
এখন দুর্ঘটনার মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও থেকে ওমর ফারুক ওরফে পাখি (৩৫) নামে এক জেনারেটর ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকেও প্রথমে সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে ধারণা করা হলেও ময়না তদন্তে তার মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/এসকে/২১৫৩ঘ.
bdnews24