২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আরো তিনজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আরো তিনজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতরা হলেন- মো. হোসেন (৩৫), মো. কামাল (৪২) ও পলাশ (২২)। হাসপাতালে ভর্তি রয়েছেন- জাকির হোসেন মোল্লা (৪২), জুম্মন (২৪) ও আবুল হোসেন (৩০)। অসুস্থ জাকির হোসেন মোল্লার জামাতা মো. রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে তার শ্বশুরসহ চল্লিশ বস্তি ও জহুরি মহল্লার ছয় বাসিন্দা একসঙ্গে মদ পান করে। মৃত কামাল ও পলাশ ওই মদ সংগ্রহ করে নিয়ে এসেছিল বলে তারা শুনেছেন। মদ পানের পর মঙ্গলবার একে একে অসুস্থ হয়ে পড়লে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বুধবার বিকেলে রিকশাচালক পলাশ মারা যান। এরপর রাতে ধানমণ্ডির একটি হাসপাতালে মারা যান মো. কামাল। লালমাটিয়ার একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে মো. হোসেনের মৃত্যু হয় বলেও জানান মো. রবি। অসুস্থদের মধ্যে গাড়িচালক জাকির হোসেন সোহরাওয়ার্দী হাসপাতালে ও শ্রমিক আবুল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য অসুস্থ গাড়ি চালক জুম্মনের খোঁজ কেউ দিতে পারেনি। বস্তিবাসীরা জানান, পলাশ ও কামাল মারা যাওয়ায় মদের উৎস সম্পর্কে তারা জানতে পারেননি। তবে বোতলের মধ্যে কিছু অবশিষ্টাংশ পাওয়া গেছে যা স্পিরিট বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, প্রাণহানির খবর পেয়ে তারা বস্তিতে গিয়েছিলেন। তবে লাশ দাফন করে ফেলা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ জানায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা এনামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২০৪০ঘ.