২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি বাস এবং মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

গাইবান্ধা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি বাস এবং মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বগুড়া-রংপুর সড়কের কালিতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ ফাঁড়ির কর্মকর্তা উপ-পরির্দশক (এসআই) ছবির উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আড়াইটার দিকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঢাকাগামী ডিআর পরিবহনের নৈশ কোচের সঙ্গে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ১৩ জন।" নিহতরা সবাই বাসযাত্রী। এরা হলেন-লালমনিরহাটের কালীগঞ্জ থানার কিশামত মতাপি গ্রামের মনির আলীর ছেলে মোমিনুর রহমান (১৮), বাসের হেলপার লালমনিরহাট সদরের খোচাবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ (৪৩) ও বাসের সুপারভাইজার মাগুরা জেলার উজ্জল (৩৮)। আহতদের গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ছবির জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫০ ঘ.