২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা মোকাবেলায় উত্তরাঞ্চলে ভিজিএফ কর্মসূচি চালু

উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রয়োজনে রমজানের পরও এসব এলাকায় ভিজিএফ কর্মসূচি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রয়োজনে রমজানের পরও এসব এলাকায় ভিজিএফ কর্মসূচি চলবে। জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বুধবার বেসরকারি সংস্থা অক্সফাম-এর 'ইনিশিয়েটিভ টু এনহ্যান্স মঙ্গা কপিং ক্যাপাসিটি' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, দেশের অন্যান্য এলাকায় প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মঙ্গাপ্রবণ এলাকায় প্রতি ইউনিয়নে দু'হাজার ২০০ ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। এছাড়া সরকার অতি দরিদ্রদের জন্য সেপ্টেম্বর মাস থেকে কর্মসৃজন স্কিম শুরু করতে যাচ্ছে। আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গা পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পাশাপাশি রেসরকারি সংস্থাসমূহকেও এজন্য এগিয়ে আসতে হবে। মন্ত্রী জানান, গত অর্থবছরে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে। যা পূর্ববর্তী যেকোন বছরের তুলনায় সর্বোচ্চ। চলতি অর্থবছরে সরকার ২৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। বাজেটে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া স্কিমে এক হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে মঙ্গাপ্রবণ এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। গোটা মঙ্গাপ্রবণ এলাকায় একযোগে কর্মসূচির পরিবর্তে নির্দিষ্ট ইউনিয়ন বা কয়েকটি ইউনিয়নকে লক্ষ্য করে কর্মসূচি গ্রহণের জন্য তিনি বেসরকারি সংস্থাসমূহকে পরামর্শ দেন। অনুষ্ঠানে সাংসদ ফজলে রাব্বী, মাহবুব আরা গিনি ও জাফর আলী, ইউরোপীয় কমিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রায়ান ফোরে, অক্সফামের কান্ট্রি ডিরেক্টর হিদার ব্ল্যাকওয়েল, রংপুরের গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন ও গাইবান্ধার সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শাহেদ রাজা বক্তব্য রাখেন। অক্সফাম রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১২ হাজার পরিবারের ৬০ হাজার নারী-পুরুষ ও শিশুকে চার মাসের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং দিনমজুরদের কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির মাধ্যমে স্বল্পমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৩০ ঘ.