২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার বিনিময়ে নকল আসামী জেলে

টাকার বিনিময়ে পাঁচ বছরের সাজা পাওয়া এক আসামীর বদলে আরেক ব্যক্তির আত্মসমর্পণ ও জেল খাটার ঘটনা ধরা পড়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ.এন.এম বশিরউল্লাহর আদালতে নকল আসামী শাহেন শাহ জানিয়ে দেন, তিনি আসল আসামী নন। টাকার বিনিময়ে জেল খাটছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 07:29 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকার বিনিময়ে পাঁচ বছরের সাজা পাওয়া এক আসামীর বদলে আরেক ব্যক্তির আত্মসমর্পণ ও জেল খাটার ঘটনা ধরা পড়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ.এন.এম বশিরউল্লাহর আদালতে নকল আসামী শাহেন শাহ জানিয়ে দেন, তিনি আসল আসামী নন। টাকার বিনিময়ে জেল খাটছেন। মিরপুর থানায় ২০০১ সালে দায়ের একটি অর্থ আত্মসাতের মামলায় ২০০৫ সালের ৩১ মার্চ ঢাকার মহানগর হাকিম সৈয়দ মুজিবুল হক কিশোরগঞ্জের বাজিতপুরের পশ্চিম কুতুবপুর গ্রামের ইসরাইল মিয়াকে পাঁচ বছরের সাজা দেন। ইসরাইল বরাবর পলাতক ছিলেন। গত ৭ জুলাই জনৈক শাহেন শাহ আসামী ইসরাইল মিয়া সেজে আইনজীবী তৈয়ব আনোয়ার প্রবালের মাধ্যমে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। ওই সময় শাহেন শাহকে কারাগারে পাঠানো হয়। একই আইনজীবী মহানগর দায়রা জজের আদালতে ওই মামলার সাজার বিরুদ্ধে আপীল মামলা দায়ের করে আসামীর জামিন চান। বিচারক এএনএম বশির উল্লাহ শাহেন শাহকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিলে মঙ্গলবার তাকে ওই আদালতে হাজির করা হয়। ওই সময়ই শাহেন শাহ জানিয়ে দেন, তিনি আসল আসামী নন। আসামী ইসরাইলকেও চিনেন না। আদালতে শাহেন শাহ জানান, আইনজীবী বলেছিলেন সাত দিনের মধ্যেই তার জামিন হবে। এজন্য তাকে কিছু টাকাও দেওয়া হয়। মামলার শুনানীর সময় বিচারক আইনজীবী তৈয়ব আনোয়ার প্রবালের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সরল বিশ্বাসেই তিনি তদবিরকারকের মাধ্যমে শাহেন শাহকে ইসরাইল মিয়া জেনে আদালতে আত্মসমর্পণ করিয়েছেন। বিচারক ওই আইনজীবীর যুক্তি গ্রহণ করে তাকে ক্ষমা করে মিথ্যা পরিচয় দেওয়ার জন্য শাহেন শাহ ও ইসরাইল মিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য ঢাকার সিএমএম আদালতকে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএইচ/এইচএ/২৩৫৮ ঘ.