২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ক্যাম্প প্রত্যাহার বন্ধের দাবিতে পার্বত্যাঞ্চলে অবরোধ কর্মসূচি

পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবার বান্দরবান ও খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সংগঠনটি সেনা ক্যাম্প প্রত্যাহার না করার দাবিতে পার্বত্য তিন জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবার বান্দরবান ও খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সংগঠনটি সেনা ক্যাম্প প্রত্যাহার না করার দাবিতে পার্বত্য তিন জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বান্দরবান: মঙ্গলবার বিকেলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান বাজার জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শাখার সভাপতি এইচ এম সম্রাট। পার্বত্য চট্টগ্রামে বাঙালিসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সব ক্যাম্প প্রত্যাহার না করার দাবি জানান তিনি। সম্রাট বলেন, এ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াকুব আলী চৌধুরী, বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ প্রমুখ। তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হলে এখানে বসতি স্থাপনকারী বাঙালিরা নিরাপত্তাহীন হয়ে পড়বেন। চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণের মত অপরাধ ঘটবে। বৃহস্পতিবার সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান তারা। সরকার গত ২৯ জুলাই পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে তিন পার্বত্য জেলা থেকে সেনাবাহিনীর একটি ব্রিগেড এবং ৩৫ অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেয়। রোববার হাইকোর্ট পার্বত্যাঞ্চল থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার বুধবার পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.