রাঙামাটি, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে রাবার বাগানসহ বিভিন্ন প্রকল্পের জন্য নিয়ে ফেলে রাখা ২৬০টি প্লটের ইজারা বাতিলের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে ফেলা রাখা ২৬০টি প্লটের লিজ বাতিলের সুপরিশ করা হয়েছে। ইজারা বাতিলের পর এসব জমি কি করা হবে সবার সঙ্গে পরামর্শ করে সে বিষয়ে নেওয়া হবে।"
ফজলে করিম জানান, বৈঠকে আভ্যন্তরীণ এবং ভারত থেকে ফেরত আসা আদিবাসীদের সমস্যা নিরসনে ২০ দফা প্যাকেজ চুক্তি রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার ব্যাপারে আলোচনা হয়েছে।
তিনি বলেন, "বর্তমান সরকারের আমলেই পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।"
রাঙামাটির পেদাটিংটিং-এ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংসদীয় কমিটির বৈঠক হয়।
এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রি বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, সাংসদ এথিন রাখাইন, গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ।
আলাদা ভোটার তালিকার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, "এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চাওয়া হবে। তার পরামর্শ পাওয়ার পর তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন করার ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে (ইসি) বলবো।"
তিনি আরও বলেন, "পার্বত্য চট্টগ্রাম থেকে এবারই প্রথম সেনাবাহিনী প্রত্যাহার হচ্ছে না। এর আগেও দুশ' ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। সে সময় তো কেউ কিছু বলেনি।"
দীপংকর তালুকদার অভিযোগ করেন, যারা পার্বত্য চুক্তির বিরোধিতা করেছে তারাই এখন আবার সেনা প্রত্যাহার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা বলেন, "আওয়ামী লীগের আগের সরকারের আমলে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সুতরাং চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক হবে এটাই আমরা চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24