২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাই্য়ুমপুর গ্রামে সোমবার রাতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাই্য়ুমপুর গ্রামে সোমবার রাতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন। পুলিশ বলেছে, এ দুই ব্যক্তি ডাকাতি করতেন। তারা কাইয়ুমপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে হানা দিলে জনতা আটক করে তাদের পিটুনি দেয়। তাদের আরও কয়েক সহযোগী পালিয়ে যায়। নিহতের নাম- গিয়াস উদ্দিন (৩৫)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চোকতাম গ্রামের শহীদ মিয়ার ছেলে। আহত সুমন মিয়াকে (২০) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (২০) ভর্তি করা হয়েছে। তিনি চট্রগ্রামের পতেঙ্গা এলাকার বাসিন্দা। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সোমবার রাত ১১টায় গিয়াস ও তার সহযোগী সুমন কাইয়ুমপুর গ্রামের জারু মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা জারু মিয়াকে মারধর করে। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন এসে দুজনকে ধরে ফেলে। ওসি জানান, গত ১৬ আগস্ট রাতে গিয়াস উদ্দিন কাইয়ুমপুর গ্রামের মেহেরা বেগমকে ডাকাতিতে সহায়তা করার প্রস্তাব দেয়। কিন্তু তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত গিয়াস উদ্দিন তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মেহেরা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ঘটনার তদন্তে কাইয়ুমপুরে গেলে জারু মিয়া গিয়াস উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তিনি জানান, সাক্ষ্য দেওয়ার কারণে গিয়াস ক্ষিপ্ত হয়ে জারু মিয়ার বাড়িতে হানা দিয়েছিল। এ ঘটনায় জারু মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় স্থানীয় চৌকিদার সফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আরেকটি মামলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (নবীনগর-কসবা সার্কেল) নিকুলিন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.