কিশোরগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সোমবার রাতে ডাকাতের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।
নিহত ব্যবসায়ী হলেন স্বর্ণকার ননী গোপাল চন্দ্র সাহা (৪৭)। তার বাড়ি বাজিতপুরের হালিমপুর গ্রামে।
রাতে ওই গ্রামের তিনটি বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
আহতদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সঙ্গে থাকা গ্রামবাসীরা সাংবাদিকদের জানায়, রাত ১টার দিকে ডাকাতরা গোপালের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারা ১০ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা নিয়ে যায়।
ডাকাতের হামলায় আহত হন গোপালের মা নির্মলা সাহা (৭৫) ও ছেলে সুমন চন্দ্র সাহা (২০)।
এরপর ডাকাতরা আবু সিদ্দিকীর বাড়িতে হানা দিয়ে ১২ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা এবং তার শ্যালক লিটন মিয়ার বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণ ও ১৭ হাজার টাকা লুট করে বলে স্থানীয়রা জানায়।
ডাকাতদের অস্ত্রের আঘাতে ওই দুই বাড়িতে মাসুদ ও রুকন নামে আরও দুজন আহত হন।
বিষয়টি নিয়ে পুলিশে যোগাযোগ করা হলে বাজিতপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, ডাকাতির ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১২০ ঘ.
bdnews24