নারায়ণগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেছেন, তারা রেশনিং পদ্ধতি চালুর চিন্তা করছেন যাতে করে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
সোমবার জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় তিনি একথা জানান।
নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট বিরাজ করার ফলে শহরবাসী নিদারুণ ভোগান্তি পোহাচ্ছেন।
সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর পয়েন্টে ভয়াবহ যানজট, নদীদখল ও লোডশেডিং সমস্যার কথাও তুলে ধরা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শহরের বিরাট অংশ জুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। রমজানে অন্তত ইফতার ও তারাবি নামাজের সময় যাতে লোড শেডিং না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।
তারা বলেন, শীতলক্ষ্যা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখল হয়ে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে যানবাহন থেকে চাঁদা ও টোল আদায় করা হচ্ছে। এর ফলে যানজটের সৃষ্টি হয়।
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয় বলেও তারা উল্লেখ করেন।
ডিপিডিসি নারায়ণগঞ্জ (পশ্চিম) অঞ্চলের ব্যবস্থাপক আবদুল হামিদ জানান, নারায়ণগঞ্জে বিদ্যুতের চাহিদা ৭৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। প্রতিদিন ঘাটতি ২৫ মেগাওয়াট। এনার্জি সেভিং ভাল্ব ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনা গড়ে তোলা দরকার।
পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যানজট নিরসনে চেষ্টা চালানো হচ্ছে। আইন-শৃংখলা পরিস্থিতি ভাল বলে দাবি করেন তিনি।
জেলা প্রশাসক সামছুর রহমান বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টোল আদায় করা যাবে না। ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। গ্যাস সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ.বি. সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ পৌর মেয়র আব্দুল মতিন প্রধান, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি রুমন রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সামিউল্লা মিলন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০২৪ ঘ.
bdnews24