চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বেঁধে দেওয়া দর অনুযায়ী চট্টগ্রাম মহানগরীতে পণ্য বিক্রি করতে সম্মত হয়েছেন পাইকারী ও খুচরা বিক্রেতারা।
সোমবার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করা হয়। আগামী এক সপ্তাহ এই দামে পাইকারি ও খুচরা বাজারে পণ্য বিক্রি হবে।
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সিটি মেয়র
এবিএম মহিউদ্দিন চৌধুরী ব্যবসায়ীদের সঙ্গে এ বৈঠক করেন।
বেশি মুনাফা না করে রমজানে সেবার মনোভাব নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে মেয়র বলেন, "রমজানে কম লাভ করে আপনারা চট্টগ্রামে দৃষ্টান্ত স্থাপন করুন।"
সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও মেয়র ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
সভায় পাইকারি বাজারে প্রতি কেজি মটর ডাল ২১, চিনি ৪১, ছোলা ৪১, পাম তেল ৬০, সয়াবিন তেল ৭১, খেসারি ডাল ৪৬ এবং পেঁয়াজ ১৬ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত হয়।
এছাড়া খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি মটর ডাল ২৩ টাকা, চিনি ৪৪, ছোলা ৪৩, সয়াবিন ৭৩, পাম তেল ৬২, খেসারি ৪৮ ও পেঁয়াজ ১৭ টাকা দরে বিক্রি করবেন।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর জেলা প্রশাসক মো. ফরিদ উদ্দিন আহমেদ বেঁধে দেওয়া এই দাম ঘোষণা করেন।
বৈঠকে বাজার তদারকির জন্য ২০ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এ কমিটি প্রতিদিন বাজার পরিস্থিতি তদারক করবে এবং বাজারে কোন অসঙ্গতি খুঁজে পেলে তাৎক্ষণিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। এজন্য সিটি করপোরেশনে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কমিটিতে চট্টগ্রাম চেম্বার, সিটি করপোরেশন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুচরা বিক্রেতা সমিতি, র্যাব, বিডিআর, পুলিশ, ক্যাব ও প্রেসক্লাবের প্রতিনিধি রয়েছেন।
জেলা প্রশাসক মো. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, "আগামী এক সপ্তাহ এই দাম ঠিক থাকবে। এরপর আবার বৈঠকে বসে পণ্যমূল্য নির্ধারণ করা হবে।"
বাজারে কোনো পণ্যের দাম কমে গেলে তখন নির্ধারিত দামের চেয়ে কমে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম বলেন, টিসিবি যেন দু-চারটি দোকান দিয়ে বদনামের ভাগীদার না হয় সে অনুরোধ করব।
দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী বলেন, " খুচরা বিক্রির সময় আমরা পাইকারি ব্যবসায়ীদের চেয়ে কেজিপ্রতি দুই-তিন টাকার বেশি লাভ করবো না। কোনো খুচরা ব্যবসায়ী বেশি দরে পণ্য বিক্রি করলে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।"
বৈঠকে আরও বক্তব্য দেন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, আমদানিকারক মো. নুরুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24