ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের একদিনের মাথায় রোববার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ আগস্ট প্লাস্টিক কারখানার মালিক আবুল খায়েরের আড়াই বছরের ছেলে আরিফকে তার কারখানারই এক কর্মচারী অপহরণ করে। কামরাঙ্গীর চরে নিজামবাগে খায়েরের বাসা ও কারখানা।
কামরাঙ্গীর চর থানার উপ-পরিদর্শক মো. মাসুম খান জানান, মোবাইল ফোন কল ট্র্যাক করে তারা অপহরণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছে তা ট্র্যাক করে জানা যায় প্রথম কলটি ময়মনসিংহ এবং দ্বিতীয় কলটি মানিকগঞ্জ থেকে করা হয়েছে। এরপর অপহরণকারীদের কথামতো মুক্তিপণের টাকা নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই বাজারে যায় আবুল খায়েরসহ পুলিশের একটি দল।
এক কনস্টেবলকে খায়েরের ভাই সাজিয়ে অপহরণকারীদের ফোনে জানানো হয় তারা এসেছেন। জবাবে তাদের হাঁটুভাঙ্গা বাজারে যেতে বলা হয়। এতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীদের একজন সাদ্দাম নিজে টেম্পো চালিয়ে গোড়াই বাজারে আসে। পরে পুলিশ তাকে আটক করে।
সাদ্দামের স্বীকারোক্তি অনুযায়ী মির্জাপুরের সৈয়দপুর গ্রামের হুমায়ুন (২২) ও মোশাররফের (২০) দোকান থেকে আরিফকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মো. মাসুম খান।
আবুল খায়ের জানিয়েছেন, তিনমাস আগে সাদ্দাম তার কারখানার কর্মচারী হিসেবে কাজ শুরু করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএল/এসকে/২৩৫৩ঘ.
bdnews24