নওগাঁ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর রানীনগর উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে সোমবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা জেএমবি সদস্যের নাম মোজাফফর হোসেন কাজী (৪২)। তিনি ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন বলে জানিয়েছেন নওগাঁ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান।
তিনি জানান, ২০০৪ সালে রানীনগর উপজেলার সিম্বা গ্রামের যুবলীগ নেতা ইদ্রিস আলী ওরফে খেজুর আলী হত্যার ঘটনায় মোজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই হান্নান জানান, ওই বছর রানীনগর এলাকায় বাংলা ভাইয়ের তথাকথিত সর্বহারা দমন অভিযান চলার সময় মোজাফফর কাজী তার সহযোগী ছিলেন। বাংলা ভাইয়ের অনুসারীদের চাঁদাবাজি, লুটপাট, নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোজাফফর বগুড়ার আদমদীঘি উপজেলার চকজান গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রানীনগর উপজেলা সদরে নিকাহ্ রেজিষ্ট্রার হিসেবে কাজ করে আসছিলেন বলে সিআইডি কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24