২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় ফ্লাইট ওঠানামা আবার শুরু

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার দুপুর দেড়টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা আবার শুরু হয়েছে। বেলা পৌনে এগারোটায় দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ার পর দেশের প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 07:30 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার দুপুর দেড়টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা আবার শুরু হয়েছে। বেলা পৌনে এগারোটায় দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ার পর দেশের প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। জেট এয়ারওয়েজের ওই ফ্লাইটের ১২১ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্যের কেউ দুর্ঘটনায় হতাহত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সায়েদুল হাসান খান। তিনি বলেন, "দুপুর ১টা ২৫ মিনিটে বিমানবন্দর খুলে দেওয়া হয়। এর পরপরই গালফ এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়ন করে।" বিমানবন্দরের তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, দুপুর একটা ৩৬ মিনিটে গালফ এয়ারওয়েজ ও দুইটা ১৩ মিনিটে এমিরেটসের দুবাইগামী ফ্লাইটটি জিয়া ছেড়ে যায়। সায়েদুল হাসান খান জানান, দুর্ঘটনা কবলিত বিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। এর যাত্রীদের অন্য একটি বিমানে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উড্ডয়ন নিরাপত্তা পরিচালক উইং কমান্ডার কামরুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০টা ৪৩ মিনিটে জেট এয়ারওয়েজের ২৭১ নম্বর ফ্লাইটটি বিমানবন্দরের হ্যাঙ্গার বে নাইন থেকে বেরিয়ে উড্ডয়নের সময় ঘুরতে গিয়ে ছিটকে ঘাসের মধ্যে চলে যায়। বিমানবন্দরের পরিচালক এর আগে দুপুরে জানিয়েছিলেন, গালফ এয়ারওয়েজের বাহরাইনগামী এবং এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী দুটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। উড্ডয়ন বন্ধ থাকার সময় রোম থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রাম চলে যায়। জিএমজি এয়ারলাইন্সেরও একটি ফ্লাইট কোলকাতা থেকে ঢাকায় আসার কথা থাকলেও তা সেখানেই অপেক্ষা করতে থাকে। বিমানের রোমের ফ্লাইটটি দুইটা ৩২ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরে। আর দুইটা ৪৫ মিনিটে কলকাতা থেকে ফিরে আসে জিএমজির ফ্লাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এফএফ/এইচএ/১৮০১ঘ.