ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে থেকে সোমবার সকালে ছিটকে পড়েছে দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. শামসুুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে টেকঅফের সময় দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের খোলা জায়গায় গিয়ে পড়ে। বিমান বন্দর কর্তৃপক্ষ দ্রুত যাত্রীদের সরিয়ে নেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। উদ্ধার তৎপরতা চলছে। বিমানটি এখনো রানওয়ের বাইরে পড়ে আছে।
বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিমানটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।"
জেট এয়ারওয়েজের ওই ফ্লাইটে ১২১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১২৩৫ ঘ.
bdnews24