ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন হুমায়ুন কবির (৫০) এবং রাকিব (২৭)।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিল ওয়াপদা কলোনী মাদ্রাসার শিক্ষক ক্বারী হুমায়ুন কবির (৫০) তার মোটর সাইকেলে করে ধলপুরের বাসায় ফিরছিলেন। তার সঙ্গে আরেকজন ছিলেন।
তাদের মোটর সাইকেলটি ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে এসে পৌঁছলে ৫-৬ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন কবির নিহত হন। তার সঙ্গীকে গুলিবিদ্ধ অবস্থায় লোকজন উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মটরসাইকেল আরোহী দুইজন ছাড়াও রাকিব (২৭) এবং ইরাজ উদ্দিন (৪০) নামে দুইজন গুলিবিদ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে। রাকিব সিএনজি অটোরিক্সা চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইরাজ উদ্দিন রিক্সাচালক।
সহকারি পুলিশ কমিশনার জানান, হুমায়ুন কবিরের সঙ্গে মোটরসাইকেলে তার শ্যালক ছিল বলে প্রথমে বলা হলেও তা সঠিক নয়। তার সঙ্গে কে ছিল তা অনুসন্ধান করা হচ্ছে। দু'দল সন্ত্রাসীর গুলিবিনিময়ের সময় ক্রসফায়ারে পড়ে হুমায়ুন কবির গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24