ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থানার বিহারী ক্যাম্প এলাকায় শনিবার পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে পুলিশের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে বলেছেন ক্যাম্প এলাকায় গিয়ে আসামীদের পাওয়াই যায়নি।
শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় আপন (৩২) ও কামাল (২৩) নামে দু' যুবক। তারা নিজেদের পুলিশের সোর্স হিসেবে দাবি করে।
আপন সাংবাদিকদের বলেন, শনিবার বিকেলে পল্লবী থানার উপ-পরিদর্শক জসীমউদ্দীন তার ফোর্স ও দু'জন সোর্সসহ মীরপুর ১১ নম্বর সেকশনের বিহারী ক্যাম্পে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শহীদকে ধরার জন্য অভিযান চালান। অভিযানে শহীদকে ধরেও ফেলেন জসীমউদ্দীন। ধরার পর তাকে হাতকড়া পরানো হয়। এরপর শহীদ চিৎকার শুরু করলে বস্তি এলাকার শতশত নারী পুরুষ জড়ো হয়ে হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় শহীদকে ছিনিয়ে নেয়।
আপন বলেন, তারপর ক্যাম্পের বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে তাদের দুজনকে ব্যাপক মারধর করে। পরে উপ-পরিদর্শক জসীম তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
তবে উপ-পরিদর্শক জসীমউদ্দীন সাংবাদিকদের বলেছেন, হাতকড়া পরানো অবস্থায় নয়, হাতকড়া পরানোর সময় পালিয়েছে শহীদ।
তবে পুরো বিষয়টি অস্বীকার করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, "আমি হাতকড়াসহ আসামী পালিয়ে যাওয়ার কোনও ঘটনার কথা শুনিনি। ওরা অভিযানে গিয়েছিল। তবে শহীদকে পায়নি। তাই পালানোর প্রশ্ন আসে না।"
পুলিশের সোর্স আহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি খোঁজ নিয়েছি। আমাদের এ নামে কোনও সোর্স নেই। মেডিক্যালে ভর্তি দু'জন লোকাল ছেলে। হয়তো কোনওভাবে তারা আহত হয়ে থাকতে পারে। তারা নিজেদের পুলিশ সোর্স হিসেবে দাবি করলেও বিষয়টি মিথ্যা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24