খাগড়াছড়ি, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া অস্থায়ী সেনা ক্যাম্প শনিবার প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে জেলা থেকে অন্তত ছয়টি ক্যাম্প প্রত্যাহার করা হল।
পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে অস্থায়ী ক্যাম্পগুলো প্রত্যাহার করা হচ্ছে। ২৯ জুলাই সরকার পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনীর একটি ব্রিগেড এবং ৩৫টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেয়।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে ক্যাম্পের স্থাপনা ফেলা হয়। ক্যাম্পটি গুটিয়ে সেনা সদস্যদের খাগড়াছড়ি ব্রিগেড সদর দপ্তরে ফিরিয়ে আনা হয়। ক্যাম্পটিতে ৩০ জন সেনা সদস্য এবং ১০ জন আনসার ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে আপাতত পুলিশের একটি দল থাকবে। সেনা প্রত্যাহারের কারণে আইন-শৃঙ্খলার অবনতি ঘটার কোন সম্ভাবনা নেই।"
তিনি জানান, পেরাছড়া অস্থায়ী সেনা ক্যাম্পটির চার একর জায়গার দলিল তার কাছে হস্তান্তর করেছেন সদর জোনের সেনা কর্মকর্তা মেজর সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন।
শুক্রবার পানছড়ি উপজেলার ছোট পানছড়ি বিডিআর ক্যাম্পটি গুটিয়ে নেওয়া হয়।
প্রত্যাহার করা অপর চারটি ক্যাম্প হল- খাগড়াছড়ির মহালছড়ি জোনের মানিকছড়ি জয়সেন পাড়া অস্থায়ী সেনা ক্যাম্প, দিঘীনালা পোমাংপাড়া সেনা ক্যাম্প, গুইমারা ব্রিগেডের অধীন লক্ষ্মীছড়ি জোনের মঘাইছড়ি দাইনছড়ি সেনা ক্যাম্প ও মানিকছড়ি জোনের দশবিল আনসার ক্যাম্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24