২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ৪

কুমিল্লা ও নওগাঁয় শনিবার সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন সাতজন। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুরে মারা গেছেন বাসচালক ও তার সহকারীসহ তিনজন। নওগাঁ শহরতলীর পিরোজপুরে মারা গেছেন শহরের পাটালীর মোড় ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা ও নওগাঁয় শনিবার সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন সাতজন। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুরে মারা গেছেন বাসচালক ও তার সহকারীসহ তিনজন। নওগাঁ শহরতলীর পিরোজপুরে মারা গেছেন শহরের পাটালীর মোড় ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দির হরিপুরে শনিবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বাসচালক চন্দন চক্রবর্তী (৩৮), তার সহকারী বেলাল হোসেন (২৫) এবং যাত্রী কামাল (২৬) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শহিদুল ইসলাম (৩৫), হাজী কামালউদ্দিন (৩৬), সৌরভ (২৫), নাসিম রেজা (২২) ও নাজমুল হায়দার চৌধুরী (৩৫) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কান্তি ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৬টায় হরিপুর নামক স্থানে কুমিল্লা থেকে দাউদকান্দিগামী বাসের সঙ্গে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে এসআই নন্দন জানান। নওগাঁ: নওগাঁ শহরতলীর পিরোজপুরে শনিবার সকালে মোটর সাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে স্থানীয় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শহিদুল ইসলাম শহিদ (২৫)। তিনি নওগাঁ শহরের পাটালীর মোড়ের আবুল ফজল মুন্সীর ছেলে। শহিদ পাটালীর মোড় ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হক জানান, ছাত্রদল নেতা শহিদ মোটর সাইকেলে করে তার শ্বশুরবাড়ী রানীনগর যাচ্ছিলেন। পিরোজপুর নামক স্থানে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত শহিদকে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৮ টায় মারা যান। এসআই জানান, ট্রাক্টরটি পালিয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে। ছাত্রদল নেতা শহিদের মৃত্যুতে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রহমান রিপন, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ ও সাংগঠনিক সম্পাদক জেডএইচ খান মানিক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১২ ঘ.