কক্সবাজার, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি ঘেরের দখল নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার নলবিলা এলাকায় শনিবার সকালে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দুপক্ষের মধ্য গোলাগুলির ঘটনাও ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি দেশি একনলা বন্দুক এবং ছয়টি কার্তুজের খোসা উদ্ধার করেছে। সংঘর্ষে জড়িত সন্দেহে হেলাল নামের একজনকে গ্রেপ্তার করেছে বলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান।
তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। আর যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোহেল (৩৫), রায়হান (৩০) ও হামিদ (৩৫) নামের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নাম জানা যায়নি।
নলবিলা এলাকার নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৫ বছর ধরে দারাদিয়া খালের চিংড়ি ঘেরগুলো দীল মোহাম্মদ গ্র"পের দখলে ছিল। কিন্তু বিগত ৩ বছর ধরে তা শুভ গ্র"পের দখলে চলে যায়। গত দেড় মাস আগে ওই ঘের আবারও দীল মোহাম্মদ গ্র"প দখল করে নেয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, কালারমারছড়া ইউনিয়নের নলবিলা এলাকার দারাদিয়া খালকে ঘিরে গড়ে ওঠা 'ছাড়া ঘোনা' চিংড়ি ঘেরটি নিয়ে দীর্ঘদিন ধরে মধ্যে বিরোধের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৮টার দিকে তিনি (ওসি) প্রতিপক্ষ দুইপক্ষকে ঘের থেকে তুলে দিয়ে ১০ জন আনসার মোতায়েন করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার আধঘণ্টার মধ্যেই ওই দুই পক্ষ চিংড়ি ঘেরের দখল নিতে যায়। তারা দা, বল্লম, লাঠিসোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় রায়হান নামের শুভ গ্র"পের একজন এবং সোহেল নামের প্রতিপক্ষ দীল মোহাম্মদ গ্র"পের একজন গুলিবদ্ধি ও দায়ের কোপে গুরুতর আহত হন। তবে কোনো আনসার সদস্য আহত হয়নি বলে জানান তিনি।
তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী নুরুন্নবী জানান, দুপক্ষের মধ্য অন্তত ১০০ রাউন্ড গোলাগুলি হয়েছে। সংঘর্ষে হামিদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, মহেশখালী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ আসার পর থেকেই মহেশখালীর আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি থানায় যোগদান করার আড়াই মাসের মধ্যে মহেশখালীতে ৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আজাদ বলেন, "আমি তাকে (ওসি) মাস খানে আগে থেকেই বলছি ওই ঘোনার (চিংড়ি ঘের) দখল উচ্ছেদ করতে। কিন্তু তিনি আমার কথা ও এসপির নির্দেশ থাকা সত্বেও সেই কাজ করেননি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24