২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্রুনয়নে মা-ভাইয়ের সমাধিপাশে শেখ হাসিনা

ফুলে ফুলে ভরে গেছে বনানী কবরস্থানের সারি বাঁধা ১৮টি কবর। কিন্তু ৩৪ বছর আগে ঘাতকের উদ্ধত বন্দুকের নলের মুখে স্বজনদের চোখের জলে শেষ বিদায়টুকুও পাননি তারা। কেঁদে-কেটে ক্লান্ত মুখে আলতো হাতের ছোঁয়া পায়নি ছোট্ট রাসেলও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলে ফুলে ভরে গেছে বনানী কবরস্থানের সারি বাঁধা ১৮টি কবর। কিন্তু ৩৪ বছর আগে ঘাতকের উদ্ধত বন্দুকের নলের মুখে স্বজনদের চোখের জলে শেষ বিদায়টুকুও পাননি তারা। কেঁদে-কেটে ক্লান্ত মুখে আলতো হাতের ছোঁয়া পায়নি ছোট্ট রাসেলও। প্রায় তিন যুগ হতে চললেও এখনও তাদের ভোলেনি বাঙালি। ভোলেনি সেই বজ্রকণ্ঠের লোকটিকে যিনি শুনিয়েছিলেন সেই অমর বাণী, "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম.... এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার সকাল থেকে। এরই মধ্যেই সকাল থেকে শ্রদ্ধা আর ভালবাসার একরাশ ফুল নিয়ে হাজির হয়েছিলেন স্বজন হারিয়ে ফেলা অনেক স্বজন। গিয়েছিলেন প্রধানমন্ত্রীও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনাসদস্যদের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। ধানমণ্ডির ৩২ নম্বরের ৬৭৭ নম্বর বাড়িটিতে নিহতদের মধ্যে ১৮ জনকে দাফন করা হয় বনানী কবরস্থানে। বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। বনানী কবরস্থানে শায়িত রয়েছেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, ছোট ভাই শেখ আবু নাসের, বড় ছেলে শেখ কামাল, কামালের স্ত্রী সুলতানা কামাল, মেজ ছেলে শেখ জামাল, জামালের স্ত্রী পারভীন জামাল রোজী, ছোট ছেলে শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর বোনের স্বামী আব্দুর রব সেরনিয়াবাত, মেয়ে বেবী সেরনিয়াবাত, ছেলে আরিফ সেরনিয়াবাত, পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর নিকটাত্মীয় শহিদ সেরনিয়াবাত, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলসহ আরও কয়েকজন। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শনিবার সকালে মা-ভাইয়ের কবরে গিয়ে চোখের জল থামিয়ে রাখতে পারেননি প্রধানমন্ত্রী হাসিনা। তিনি প্রিয় স্বজনদের কবরে ফুল দেওয়ার পর মোনাজাত করেন। প্রধানমন্ত্রী নিজ হাতে মুঠো মুঠো ভালবাসার ফুল ছড়িয়ে দেন প্রিয় স্বজনদের কবরে। এ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর সেখানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শেখ রাসেল ক্রীড়া চক্রের সদস্য-কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কবরে ফুল দেয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই কবরস্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গস্খহণ করা হয়। কবরস্থানের ফটকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/জিএমএ/এমআই/১৫২৫ ঘ.