ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসূচি থাকা সত্ত্বেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাননি।
সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বাবা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে তিনি বনানী কবরস্থানে মা-ভাইসহ অন্য সব স্বজনদের সমাধিতে ফুল দেন।
এরপর তার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল একদিন আগেই টুঙ্গীপাড়া যায়।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর টুঙ্গীপাড়ায় যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগ প্রধান হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। দেশে না থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24