ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের জোরালো দাবির মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
এবারের শোক দিবসে স্মরণের পাশাপাশি সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সমাধিতেও ফুল দেওয়া হয়েছে।
এছাড়া সারাদেশে পালিত হয়েছে শোক দিবসের নানা কর্মসূচি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় এবং জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ টুঙ্গিপাড়া এসে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া কামনা করেন। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর সমাধি।
সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য, সাংসদ, স্থানীয় নেতাকর্মী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর সমাধি প্রাঙ্গণে মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
সমাধি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য দেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরে সকালে জেলা উদীচী ও সদর উপজেলা প্রশাসন শোক র্যালি করেছে। র্যালী দু'টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বিভিন্ন সংগঠন আলোচনা সভাও আয়েজন করে।
গোপালগঞ্জের ৬৮টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে মহানগর আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মহানগর কমিটির সহ-সভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সৈয়দ মাহমুদুল হক, শফিকুল ইসলাম ফারুক, শফিক আদনান প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া দলের মহানগর সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শোক দিবসে দলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেন।
রাজশাহী: মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী সংগঠন, জেলা প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও রাবি শাখা বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি পালন করে।
সকাল ৮টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে বিশাল শোকমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত আসনের সাংসদ জিনাতুন নেসা তালুকদার এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী, রাজশাহী থিয়েটার, আবৃত্তি সংগঠন সুন্দরম, বরেন্দ্র পরিষদ, লালন চর্চা কেন্দ্র, মুক্তিযুদ্ধ পাঠাগারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মিছিলে অংশ নেয়।
বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, ঘাতক দালাল নির্মূল কমিটি, রাবির প্রগতিশীল শিক্ষক সমাজ, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু কৃষি পরিষদ, রেলওয়ে শ্রমিক লীগ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ রেশম বোর্ড নানা কর্মসূচি পালন করে।
খুলনা: মহানগর আওয়ামী লীগ জেলা প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, আওয়ামী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করে।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং শোক মিছিল করে।
সকাল ৭টায় বাংলাদেশ বেতারের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীরা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসন আয়োজিত শোক শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক শেখ হিমায়েত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
খুলনা আওয়ামী লীগ সকাল ৭টায় মহানগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ১০টায় নগরীতে মিছিল বের করে। এ ছাড়া ৩১টি ওয়ার্ড কার্যালয়ে কোরানখানি, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বেলা ১১টায় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একে হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, মল্লিক সুধাংশু প্রমুখ বক্তব্য দেন।
বরিশাল: বরিশাল জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
জেলার সকল মসজিদে দোয়া, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা, রচনা, চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরনের উদ্যোগে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুরে দোয়া-মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
জেলা ও মহানগর আওয়ামী লীগ, শিশু একাডেমী, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ, ইসলামিক ফাউন্ডেশন, বিএম কলেজ আলোচনা সভা, দোয়া, মিলাদ ও শোক র্যালিসহ নানা কমৃসূচি আয়োজন করে।
সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ১১টায় নগর ভবন প্রাঙ্গণে খত্মে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, জেলা প্রশাসক মো. সাজ্জাদুল হাসান, পুলিশ সুপার এস এম রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় সিটি মেয়র, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
বিভাগীয় শহর ছাড়াও প্রত্যেক জেলা এবং উপজেলায় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল, পটুয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান, নীলফামারী, গাজীপুর, ভোলা, লক্ষ্মীপুর, নরসিংদী, ফরিদপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, কুমিল্লা ও নেত্রকোনা জেলা প্রতিনিধি নানা অনুষ্ঠান আয়োজনের খবর পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫২ঘ.
bdnews24