ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার চৌত্রিশ বছরেও শেষ হয়নি চূড়ান্ত বিচার। একযুগেরও বেশি সময় ধরে থেমে থেমে চলছে এ হত্যা মামলার বিচার কার্যক্রম। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে ও আপিল শুনানির জন্য প্রস্তুত না হওয়ায় গত দুই বছরে আপিল বিভাগে এ মামলার আপিল শুনানি শুরু হয়নি।
সম্প্রতি সরকার আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেওয়ায় এখন আর বিচারপতির স্বল্পতা নেই। আপিলটি শুনানির জন্য প্রস্তুত হলে এবং প্রধান বিচারপতি শুনানির জন্য বেঞ্চ গঠন করে দিলেই শুরু হতে পারে এ মামলার চূড়ান্ত বিচার।
নিু আদালতে ১৯৯৮ সালে এ হত্যা মামলার রায়ের তিন বছর পর হাইকোর্ট রায় দেয়। এর ছয় বছরেরও অধিক সময় পরে ২০০৭ সালে আপিল বিভাগ আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করে। গত দুই বছরেও সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই আপিলের শুনানি শুরু হয়নি।
আপিল বিভাগে বর্তমানে কর্মরত এগার বিচারপতির মধ্যে পাঁচজনই বিভিন্ন কারণে এ আপিলের শুনানি গ্রহণ করতে পারবেন না। ছয়জন বিচারপতি এ আপিলের শুনানি গ্রহণ করতে পারবেন। তাদের মধ্য থেকে এ আপিলটির শুনানির জন্য প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিতে পারেন। তবে তার আগে আপিলটি শুনানির জন্য প্রস্তুত হতে হবে।
রাষ্ট্রপক্ষ থেকে সংক্ষিপ্ত বিবরণী জমা না দেওয়ায় এখনও আপিলটি শুনানির জন্য প্রস্তুত হয়নি। তবে শিগগিরই এই সংক্ষিপ্ত বিবরণী জমা দিয়ে আপিল শুনানির জন্য প্রস্তুত করার কথা বলেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষ সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়ার পর আপিল বিভাগের সংশ্লিষ্ট বিভাগ আপিলটি শুনানির জন্য প্রস্তুত বলে নথিতে লিখবে। এরপর রাষ্ট্রপক্ষ বা আসামীপক্ষের মধ্য থেকে যে কোনো পক্ষকে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণের আবেদন করতে হবে। চেম্বার বিচারপতি যে তারিখ শুনানির দিন নির্ধারণ করবেন সেই তারিখ থেকে শুরু হবে এ হত্যা মামলার আপিলের বিচার।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার পদে পদে বিলম্বিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর মামলা দায়ের করা হয়। নিু আদালতে বিচারকের অসুস্থতাসহ বিভিন্ন কারণে বিচারে বিলম্ব হয়। মামলার চার্জগঠনসহ প্রতিটি বিষয় হাইকোর্টে চ্যালেঞ্জ করায় বিচার কাজের গতি ধীর হয়ে যায়। হাইকোর্টেও এ মামলার আপিল শুনানিতে বেশ কয়েকজন বিচারপতি বিব্রতবোধ করায় শুনানিতে দেরি হয়।
২০০১ সালে হাইকোর্টের চূড়ান্ত রায় হওয়ার পর বিচারক বিব্রতবোধ করায় ও বিচারক স্বল্পতার কারণে বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে আপিলের শুনানি স্থবির হয়ে পড়ে। হাইকোর্ট ও আপিল বিভাগের ৬ বিচারপতি এ মামলার শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন।
২০০৭ সালের ২ আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের বেঞ্চ ২০০৭ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার লিভ টু আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু করে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর এই আপিল বিভাগ ২৫ কার্যদিবস শুনানি গ্রহণ করে মৃতুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করে। ওই বছরের ৩০ অক্টোবরের মধ্যে পেপারবুক তৈরি করে জমা দিতে আসামী পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নির্ধারিত সময়ে পেপারবুক তৈরি করে আদালতে জমা দেয়।
কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এখনও সংক্ষিপ্ত বিবরণী জমা না দেওয়ার আপিলটি শুনানির জন্য এখনও প্রস্তুতই হয়নি। আপিলটি শুনানির জন্য গ্রহণের প্রায় দুই বছর পার হলেও আপিলের শুনানি এখনও শুরু হয়নি। আপিলের চুড়ান্ত শুনানি কবে শুরু হবে দেশবাসী সেদিকে তাকিয়ে রয়েছে। সেই আপিলের নিষ্পত্তি হলেই শেষ হবে বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত বিচার।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার নিষ্পতিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি অ্যাডভোকেট আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ও এরশাদ সরকার বঙ্গবন্ধু ও তার কীর্তিকে মুছে ফেলার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল ফারুককে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। কর্নেল রশিদকে বিরোধী দলীয় নেতা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এ হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রাখা হয়।
তিনি আরও বলেন, "আপিলটি শুনানির জন্য প্রস্তুত করতে অতি শিগগিগরই আমি রাষ্ট্রপক্ষের সংক্ষিপ্ত বিবরণী জমা দেব। আশা করছি সুপ্রিম কোর্টের দীর্ঘ শরৎকালীন ছুটির পর অক্টোবরে আদালত খুললে মামলাটির আপিলের শুনানি শুরু হবে।
"আপিলের শুনানি শুরু করার জন্য আমি আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন জানাব। প্রধান বিচারপতির কাছে আবেদন জানাব বেঞ্চ গঠন করে দেওয়ার জন্য।"
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি জানান, আপিল বিভাগে বর্তমানে এগার জন বিচারপতি রয়েছেন। তাদের মধ্যে ছয়জন আপিলটি শুনানি গ্রহণ করতে পারবেন। এই আপিলটি শুনানির জন্য কমপক্ষে তিনজন বিচারপতি প্রয়োজন। বর্তমান প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ও বিচারপতি এম এ মতিন হাইকোর্টে বিচারপতি থাকাকালে এ মামলা শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন। অপর বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম হাইকোর্টে থাকাকালে তৃতীয় বিচারপতি হিসেবে এ মামলায় রায় দিয়েছিলেন। বিচারপতি এ বি এম খায়রুল হকও এ মামলায় হাইকোর্টে দ্বিধাবিভক্ত রায় দেন। আর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান এ মামলার আসামি জোবায়দা রশিদকে জামিন ও অব্যাহতি দিয়েছিলেন। তাই এই পাঁচ বিচারপতি আপিল শুনানিগ্রহণ করতে পারবেন না।
আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌসুলি আবদুর রেজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর এ আপিল যখন শুনানির জন্য আদালত গ্রহণ করে তখন আদালত দশ দিনের মধ্যে আসামিপক্ষকে সংক্ষিপ্ত বিবরণী জমা দিতে বলেছিল। আমরা নির্ধারিত সময়ে তা জমা দিয়েছি। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এখনও সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়া হয়নি। এজন্য আপিল শুনানির জন্য প্রস্তুত হয়নি। আপিল শুনানির জন্য প্রস্তুত হলে ও বেঞ্চ গঠন হলে আমরা শুনানিতে অংশ নেব।"
আসামি মেজর (অব.) বজলুল হুদা ও মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) কৌসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কারণ, দন্ডপ্রাপ্ত আসামিরা ১৪ বছর ধরে কারাগারের কনডেম সেলে মৃত্যুযন্ত্রনা ভোগ করছেন। তারাও চান আপিলের দ্রুত নিষ্পত্তি হোক।
আপিল শুনানির বিলম্ব বিষয়ে তিনি বলেন, এ মামলার আসামি পক্ষ থেকে পেপারবুক জমা দেওয়া হয়েছে। আসামি পক্ষের প্রত্যাশা আপিলের দ্রুত নিষ্পত্তি হোক। কিন্তু সরকার পক্ষ এখনও সংক্ষিপ্ত বিবরণী জমা দেয়নি। এই সংক্ষিপ্ত বিবরণী জমা দিলেই আপিল শুনানির জন্য প্রস্তুত হবে।
ব্যারিস্টার মামুন বলেন, আপিল শুনানি শুরু করার জন্য সরকার পক্ষ উদ্যোগ গ্রহণ করবে। এখন আর বিচারক স্বল্পতা নেই। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিন এই তিন বিচারপতির বেঞ্চ লিভ টু আপিলের ওপর শুনানি গ্রহণ করেছিল। বিচারপতি হাসান আমিন অবসরে যাওয়ার পর একজন বিচারপতি হলেই আপিলের শুনানি হতে পারত।
তিনি আরও বলেন, সরকার স
bdnews24