ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে স্বামীর নির্যাতনে ফাহিনুর বেগম (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের স্বামী মো. জাহাঙ্গীরকে আটক করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ। ফাহিনুরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে জাহাঙ্গীর সাংবাদিকদের কাছে দাবি করেন, শুক্রবার সন্ধ্যায় তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি ফাহিনূরকে খাবার দিতে বলেন। ফাহিনূর তখন শাড়ীতে কারুকাজ করছিল। সে তখনই খাবার না দিয়ে কাজ শেষ হওয়ার পর দিতে চায়। এ কারণে জাহাঙ্গীর তার সঙ্গে রাগারাগি করেন। এক পর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে ফাহিনূরের বুক সজোরে খাটের বর্ধিত অংশে আঘাত লাগে। এরপর সে মাটিতে অচেতন হয়ে পড়ে।
জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগ থেকে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর জানান, তিনি ফুটপাতে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যাবসা করেন। তাদের ঝুমুর নামে এক বছর চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিন বছর আগে তাদের বিয়ে হয়।
জাহাঙ্গীরের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজংএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24