২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী সন্দেহে গোয়েন্দা পুলিশের কনস্টেবল আটক, পরে মুক্ত

ছিনতাইকারী সন্দেহে রাজধানীর আগারগাঁওয়ে গোয়েন্দা পুলিশের এক কনস্টেবলকে আটক করে শুক্রবার পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। তবে পুলিশ দাবি করেছে ছিনতাই নয়, পাওনা টাকা চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝির ফলে এ ঘটনা ঘটে। এ কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে রাজধানীর আগারগাঁওয়ে গোয়েন্দা পুলিশের এক কনস্টেবলকে আটক করে শুক্রবার পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। তবে পুলিশ দাবি করেছে ছিনতাই নয়, পাওনা টাকা চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝির ফলে এ ঘটনা ঘটে। এ কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নামের ওই কনস্টেবল গোয়েন্দা পুলিশের সদরদপ্তরে কর্মরত রয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোসলেমা খাতুন নামে এক মহিলার কাছে কনস্টেবল রফিকুল ইসলামের ফুফাতো ভাই মামুন তিন লাখ টাকা পান। শুক্রবার দুপুর ১টার দিকে ওই মহিলা আগারগাঁও থেকে আসবাবপত্র কিনে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে রফিকুল ইসলাম ও মামুন মোসলেমার মালামাল আটকে পাওনা টাকা দাবি করেন। এ সময় মোসলেমা ও তার সঙ্গীরা ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রফিকুলকে আটক করে। তবে মামুন পালিয়ে যান। ওসি আরও বলেন, "মামুনকে বিদেশে পাঠানোর কথা বলে মোসলেমা তিন লাখ টাকা নেন। এই টাকা নিয়েই সমস্যার সৃষ্টি হয়। ঘটনাটি ছিনতাই নয়। তাই রফিকুলকে ছেড়ে দেওয়া হয়েছে।" তবে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/ডিডি/০০১২ ঘ.