২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যোগ্য লোকের অভাব রয়েছে: কামাল হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে যোগ্য লোকের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন। শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরামের ঢাকা মহানগর শাখার উদ্যোগে 'বঙ্গবন্ধু স্মরণে-গণতন্ত্র ও আইনের শাসন' র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে যোগ্য লোকের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন। শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরামের ঢাকা মহানগর শাখার উদ্যোগে 'বঙ্গবন্ধু স্মরণে-গণতন্ত্র ও আইনের শাসন' র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কামাল হোসেন কোনো আলোচনা সভায় অংশ নিলেন। তিনি বলেন, "সারা জাতিকে এতিম করে বঙ্গবন্ধু চলে গেছেন। আজও আমরা এতিমই থেকে গেছি। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে-মেয়ের খুবই অভাব। তার স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর। কিন্তু দেশে সেই দুঃখি মানুষের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ধনী-গরীবের বৈষম্য দিনে দিনে আকাশচুম্বি হচ্ছে।" গণফোরাম সভাপতি বলেন, "আজ একজন চাঁদবাজ বানানো অনেক সহজ, কিন্তু যোগ্য মানুষ তৈরি করা খুব কঠিন কাজ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নেই। সেখানে চাঁদাবাজি চলছে। সমাজে চাঁদাবাজি চলছে।" বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনাকে ইতিহাসের 'জঘন্যতম ঘটনা' অভিহিত করে তিনি আরও বলেন, "বঙ্গবন্ধু সবার কাছে জাতির পিতা ছিলেন। তাকে জাতির পিতা হিসেবেই দেখতে চাই। কোনও দলের পিতা হিসেবে দেখতে চাই না। বড় বড় কথা বলা বন্ধ হওয়া উচিত। আমাদেরও বকর বকর বন্ধ করা দরকার।" গণফোরাম নেতা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সভাপতি মন্ডলীর সদস্য এ কে এম আলতাফ হোসেন, আ অ ম শফিক উল্লাহ, এস এম সবুর, মহিলা গণফোরামের সদস্য সচিব ফরিদা ইয়াসমিন, হারুন-উর-রশিদ তালুকদার, শেখ ইসমাইল আলী, জাহানারা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্যও পদক্ষেপ নিতে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১০০ ঘ.