২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি দেশজুড়ে

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। ১৫ আগস্ট সরকারি ছুটির দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 05:58 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। ১৫ আগস্ট সরকারি ছুটির দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসার পর এ মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। ১৫ আগস্ট (শনিবার) দিনের শুরুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন। এরপর বনানীতে ১৫ আগস্টে নিহতদের কবরে ফুল দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। গত বছর অনেকটা সাদামাটা কর্মসূচির মধ্যে দিনটি পালন করা হলেও এবার আওয়ামী লীগ সরকারে থাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের উদ্যোগে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবস পালনের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে রাজধানী ও বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে একদল সেনা সদস্য ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের ও পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে। সেই রাতে আরও নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী, পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার আগ পর্যন্ত আওয়ামী লীগ দলীয়ভাবে দিনটি পালন করে আসছিল। '৯৬ এ প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে। কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় এসে ২০০২ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এছাড়া জাতীয় পতাকা বিধি সংশোধন করে সরকার নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল। গতবছর হাইকোর্ট এক রায়ে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়। সরকারও সে অনুযায়ী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় এবং ১৫ আগস্ট ছুটির দিন ঘোষণা করে। সরকারি কর্মসূচি অনুযায়ী দিনটি উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে। দিনটি উপলক্ষে সারাদেশের মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার এবং টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব-স্ব কর্মসূচি পালন করবে। জেলা-উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদসহ জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে। সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আগস্ট মাসের শুরু থেকে নানা কর্মসূচি পালন করে আসছে। শনিবারও পালন করবে নানা কর্মসূচি। দলীয় কর্মসূচি অনুযায়ী ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করার কথা। সাতটায় বঙ্গবন্ধু ভবনে (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের কবর জিয়ারত, ফাহেতা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজনের কর্মসূচি রয়েছে। দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত দেশের সকল মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলা,উপজেলা, ইউনিয়নে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। দিনটি উপলক্ষে রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনার সভা আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন। এরপর '৫৪-তে যুক্তফ্রন্টের নির্বাচন, '৬৬-তে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং '৬৯ এর গণঅভ্যূত্থান শেখ মুজিবকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত করে। ১৯৬৯-এ ছাত্র-জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে শেখ মুজিবকে কারামুক্ত করে তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে ছাত্ররা। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) বক্তৃতায় 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'- বঙ্গবন্ধুর এই শব্দগুচ্ছ জাতিকে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। ১৯৭১ এ গ্রেপ্তার হয়ে পাকিস্তানে কারাগারে থাকলেও বঙ্গবন্ধুই ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রেরণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১২০০ ঘ.