ফরিদপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব হলে বছরে ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, "খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।"
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ ফরিদপুর জেলা শাখা আলোচনার আয়োজন করে।
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগান। কৃষকের সঙ্গে ভাগ করে নিন।"
আগের সরকারগুলো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে অযোগ্য, অদক্ষ ও স্বাধীনতা বিরোধীদের বসিয়ে অবাধে লুটপাট ও দুর্নীতি করেছে বলে অভিযোগ করেন মন্ত্রী ]
তিনি বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।"
ফরিদপুর জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের আহ্বায়ক জহুরুল হক ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী জায়নুল আবেদীন, ভারপ্রাপ্ত পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, কৃষিবিদ মো. শাহ আলম ও অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু।
পরে মন্ত্রী স্বেচ্ছায় রক্তদান ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩৪২ ঘ.
bdnews24