ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রতিবেশী দেশ ভারতে সোয়াইন ফ্লু'র ব্যাপক বিস্তার ঘটায় দেশের সরকারি হাসপাতালগুলোকে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই চিকিৎসকদের এ প্রশিক্ষণ দেওয়া হবে।
অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, "সরকারি হাসপাতালের বহির্বিভাগকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। ভারতে ক্রম অবনতিশীল সোয়াইন ফ্লু পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোনও সময় আমাদের যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি থাকতে হবে।"
এদিকে বৃহস্পতিবার আরও দু'জন সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত মোট ৩৬ জনকে পাওয়া গেল। এর মধ্যে ৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। পাঁচ জনকে আইইডিসিআর এর তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তদের মধ্যে ২৪ জন বিদেশে সংক্রমিত হয়ে দেশে এসেছেন। তাদের সংস্পর্শে এসে দেশের ভেতরে আক্রান্ত হন ১২ জন।
মাহমুদুর রহমান জানান, নতুন করে আক্রান্ত মা ও শিশু সিঙ্গাপুর থেকে এসেছেন। মায়ের বয়স ২৯ বছর এবং শিশুর বয়স এক।
ভারতে সোয়াইন ফ্লু'র প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের স্থল বন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ভারতে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
উদ্বেগের মুখে বৃহস্পতিবার থেকে মহানগরী মুম্বাইয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল-কলেজের পাশাপাশি থিয়েটার এবং শপিং মলও তিন দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/এসকে/২৩১৪ঘ.
bdnews24