ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার জন্য পুনরায় দরপত্র আহ্বানের জন্য সংসদীয় উপ কমিটির সুপারিশ বিবেচনা করছে নৌ পরিবহণ মন্ত্রণালয়।
নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী লিটন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাব (উপ) কমিটির রিপোর্ট গতকাল (বুধ্বার) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রী (শাজাহান খান) বলেছেন, ওই রিপোর্ট অনার (সম্মান) করা হবে।"
নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ৩০ জুলাই উপ কমিটির প্রতিবেদন গ্রহণ করে। মতিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে গত ২৭ মে শাহ আলমের নেতৃত্বে চার সদস্যের উপ কমিটি গঠন করে সংসদীয় কমিটি।
তবে সাবেক উপদেষ্টা মতিন দাবি করে আসছেন, কোনও ধরনের অনিয়মের আশ্রয় তিনি নেননি।
মতিন, সাবেক নৌসচিব শেখ মোতাহার হোসেনসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানায় সংসদীয় কমিটি।
কমিটি বলছে, অনিয়মের মাধ্যমে ইসাহাক ব্রাদার্সকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে সরকারি নীতিমালা মানা হয়নি। নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সভাও ডাকা হয়নি।
তবে মতিন ঘুষ নিয়ে ইসাহাক ব্রাদার্সকে কাজ দিয়েছেন, এমন অভিযোগের প্রমাণ পায়নি সংসদীয় কমিটি।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন।
মতিনের সহকর্মী সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে অপর একটি সংসদীয় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24