২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ এর জুনে 'ডিজিটাল বাংলাদেশ' এর রোডম্যাপ ঘোষণা

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১১ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। ২০১০ সালের জুন মাসে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার 'রোডম্যাপ' ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১১ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। ২০১০ সালের জুন মাসে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার 'রোডম্যাপ' ঘোষণা করা হবে বলে জানান তিনি। মুহিত বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে ইংরেজি দৈনিক অবজারভার আয়োজিত 'ডিজিটাল বাংলাদেশ' বিষয়ক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন। (আরো তথ্যসহ) অর্থমন্ত্রী বলেন, "ইতিমধ্যেই আমরা রোডম্যাপ মোটামুটি তৈরি করে ফেলেছি। আর সে রোডম্যাপ অনুযায়ীই ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৫ বছরে দিন বদল হবেই হবে।" মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে সরকার অবশ্যই দেশবাসীকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে পারবে। তবে এজন্য আইটি খাতের প্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের মাত্র ৪ শতাংশ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। এদের সিংহভাগই শহরের। এক্ষেত্রে শহর ও গ্রামের বৈষম্য দূর করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে হবে। মুহিত জানান, সরকারি উদ্যোগে প্রতিটি উপজেলায় একটি "সাইবার ক্যাফে' প্রতিষ্ঠা করা হবে। সেখানে সবাই সামান্য খরচে আধুনিক তথ্য প্রযুক্তির সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। তিনি আরো জানান, সরকার তাদের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে চায় বলে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার 'ডিজিটালাইজেশন' করা হবে। আর এ কাজটি করা সম্ভব হলে দুর্নীতির সুযোগটা কমে যাবে বলে আশা প্রকাশ করেন মুহিত। মুহিত বলেন, বিশেষ করে ভূমি নিবন্ধন ও পুলিশ প্রশাসনের 'ডিজিটালাইজেশন' হলে দেশে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এদিকে সরকারি চাকরিতে 'ক্যাডার সার্ভিস' উঠিয়ে দেওয়া উচিত বলে এসময় মন্তব্য করেন অর্থমন্ত্রী। নতুন করে তথ্য প্রযুক্তি বিষয়ক ক্যাডার সার্ভিস প্রবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি ওই মন্তব্য করেন। আইটি (তথ্য প্রযুক্তি) খাতের প্রতিনিধিরা সরকারি চাকরিতে আইটি ক্যাডার অন্তর্ভূক্ত করার দাবি জানালে অর্থমন্ত্রী তা সরাসরি নাকচ করে দিয়ে বলেন, " আইটি ক্যাডার সৃষ্টির কোনো প্রয়োজন নেই। এটা করলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। আমার মনে হয়, আমাদের দেশ থেকে 'ক্যাডার সার্ভিস' উঠিয়ে দিলে ভালো হয়। এর পরিবর্তে বিষয়ভিত্তিক সার্ভিস ব্যবস্থা গড়ে তোলা উচিত।" মুহিত বলেন, দীর্ঘদিন চাকরির সুবাদে তিনি ক্যাডার নিয়ে নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছেন। বর্তমানে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও উপলব্ধি করছেন 'ক্যাডার ম্যানেজ করা কি কঠিন।' বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে এসব শিক্ষায়তনকে তামাশা (ফার্স) হিসেবে অভিহিত করেন তিনি। তথ্যপ্রযুক্তি বিষয়কসহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 'ফার্স' বিশ্ববিদ্যালয় আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, "আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ৮/১০টি বিষয় নিয়ে নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি করে। এটা এক ধরনের ফার্স। কিন্তু বিশ্ববিদ্যালয় মানেই তারা বোঝে না।" দেশের অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই অতি উচ্চ ফি, সুযোগ সুবিধার অভাব ছাড়াও শিক্ষার মান নিয়ে অভিযোগ রয়েছে। প্রায় কারো নিজস্ব ক্যাম্পাস পর্যন্ত নেই। বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি হাবিবউল্ল্যাহ এম করিম, ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম আক্তারুজ্জামান লুৎফর রহমান প্রমুখ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩১৩ঘ.