২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আড়ত থেকে মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার

কেবি ঘাট নামে পরিচিত বাগেরহাট শহরের মাছের আড়ত থেকে বুধবার সন্ধ্যায় একটি মৃত গাঙ্গেয় ডলফিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

বাগেরহাট, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেবি ঘাট নামে পরিচিত বাগেরহাট শহরের মাছের আড়ত থেকে বুধবার সন্ধ্যায় একটি মৃত গাঙ্গেয় ডলফিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা। ঘাটে থাকা কোন একটি মাছ ধরার ট্রলার থেকে এ ডলফিনটি আড়তে নামানো হয়েছিল বলে তারা সন্দেহ করছেন। ডলফিন শিকারকারী ট্রলারটি সনাক্ত করার চেষ্টা চলছে। ওয়েবসাইট থেকে জানা যায়, Platanista gangetica প্রজাতিভুক্ত ডলফিনটি বাংলাদেশ, ভারত ও নেপালের নদীতে দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম Platanista gangetica gangetica। আইইউসিএন এর তথ্য অনুযায়ী, গাঙ্গেয় ডলফিন বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে। নদীতে বাধ নির্মাণসহ বিভিন্ন কারণে এ ডলফিনের সংখ্যা দিনকে দিন হ্রাস পাচ্ছে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছের আড়তে অভিযান চালিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। তবে কেউ ডলফিনটির মালিকানা স্বীকার করেনি। এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলেও তিনি জানান। বন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ডলফিনটি পূর্ণ বয়স্ক। এটি লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি, দেহের বেড় তিন ফুট। ওজন প্রায় দুই মণ। দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার নদনদীতে স্থানীয়ভাবে শুশুক নামে পরিচিত গাঙ্গেয় ডলফিনটির বিচরণ রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ডলফিন শিকার করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানান বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪২ ঘ.