নারায়ণগঞ্জ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কার্যালয়ে টাকা ছাড়া ফাইল নড়ে না-এ দুর্নাম ঘোচানোর ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, "সরকারি কার্যালয়ে টাকা ছাড়া ফাইল নড়ে না। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টাকা ছাড়া ফাইল ছাড়েন না। এই দুর্নাম ঘোচাতে হবে।"
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় হাবিবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, "রাতারাতি দুর্নীতি নির্মূল সম্ভব নয়। তবে সহনীয় পর্যায়ে আনার চেষ্টা চলছে।"
বতর্মান সরকার দুর্নীতি নির্মূলে আন্তরিক এ কথা জানিয়ে দুদক কমিশনার বলেন, "রাজনৈতিক প্রভাব নয়, দুদকের কার্যক্রম তার নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।"
তিনি মনে করেন, দুদকে যারা কাজ করেন তারা ফেরেশতা নন। দুদকের কোন কর্মকর্তা আইনের বাইরে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি।
জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর শাহরিয়ার আহমেদ আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল্লাহ নূরী, পুলিশ সুপারিনটেবনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন, সিভিল সার্জন মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি কার্যালয়ের র্কমকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে দুদক কমিশনার হাবিবুর রহমান আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের পরিচালক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান দিপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24