২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি শঙ্কায় প্রস্তুত ছিল ৪২ হাজার স্বেচ্ছাসেবক

সম্ভাব্য সুনামির আশঙ্কায় দেশের উপকূলীয় জেলাগুলোয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৪২ হাজার স্বেচ্ছাসেবককে সতর্ক রাখা হয়েছিল। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া মঙ্গলবার এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাব্য সুনামির আশঙ্কায় দেশের উপকূলীয় জেলাগুলোয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৪২ হাজার স্বেচ্ছাসেবককে সতর্ক রাখা হয়েছিল। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া মঙ্গলবার এ তথ্য জানান। ভারত মহাসাগরে সোমবার রাতের শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া বিভাগ সুনামির সতর্কতা দিয়েও পরে তা প্রত্যাহার করে নেয়। তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া বলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছ থেকে অবহিত হয়ে প্রধানমন্ত্রী সম্ভাব্য সুনামি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিবরিয়া জানান, মন্ত্রী তিনটি উপকূলীয় বিভাগের কমিশনারদের সুনামির আশঙ্কা ও প্রধানমন্ত্রীর নির্দেশ সম্পর্কে জানান এবং জেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তাদের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে বলেন। আবহাওয়া অফিস সতর্কতা প্রত্যাহার করার স্বেচ্ছাসেবকদেরও সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানান তিনি। সোমবার গভীর রাতে ভারত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কারণে এ অঞ্চলের কয়েকটি দেশে ওই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসকে/২৩৪৪ঘ.