ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক ও আবগারি সংক্রান্ত মামলাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে কোর্ট ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে কোর্ট ফি বাড়ানো বিষয়ে এক বৈঠকের পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
তবে এই বর্ধিত ফি কবে নাগাদ কার্যকর হবে তা তিনি জানাননি।
ফি বাড়ানোয় সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, "শুল্ক ও আবগারি সংক্রান্ত মামলাসহ ধনীরা ব্যবহার করেন এমন সব মামলার কোর্ট ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপ্রার্থী সাধারণ মানুষের বিচার পেতে যেন কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।"
আইনমন্ত্রী জানান, ডিভোর্স সংক্রান্ত মামলাসহ গরীব মানুষ যেসব কোর্ট ফি ব্যবহার করেন তা কমানো হয়েছে।
ফি বৃদ্ধির এ সিদ্ধান্তকে 'সহনীয় ও গ্রহণযোগ্য আখ্যা দিয়ে তিনি বলেন, "কোর্ট ফি কিছুটা বাড়বে। তবে এমনভাবে হবে না যাতে জনগণের ওপর চাপ পড়ে।"
আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসেত মজুমদার, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সদস্য মো. ইসমাইল, পরিমল চন্দ্র গুহ, এবিএম নুরুল ইসলাম, জে এম খান পান্না উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এসকে/২৩১০ঘ.
bdnews24