২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর থেকে চালু হচ্ছে 'হুমায়ুন আজাদ কবিতা পুরস্কার'

আগামী বছর থেকে প্রতিবছর একজন কবিকে 'হুমায়ুন আজাদ কবিতা পুরস্কার' দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রয়াত লেখক ও শিক্ষক হুমায়ুন আজাদের বড় মেয়ে মৌলী আজাদ এ পুরস্কার চালুর সিদ্ধান্তের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর থেকে প্রতিবছর একজন কবিকে 'হুমায়ুন আজাদ কবিতা পুরস্কার' দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রয়াত লেখক ও শিক্ষক হুমায়ুন আজাদের বড় মেয়ে মৌলী আজাদ এ পুরস্কার চালুর সিদ্ধান্তের কথা জানান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌলী আজাদ বাবার 'হত্যাকাণ্ডের' দ্রুত বিচার দাবি করেন। ২০০৪ সালের ফেব্র"য়ারিতে ঢাকায় সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হামলায় গুরুতর আহত প্রথাবিরোধী এ লেখককে সে বছরেরই আগস্টে জার্মানী অবস্থানকালে ঘরে মৃত পাওয়া গিয়েছিল। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করে আসছেন। মৌলী জানান, ২০১০ সাল থেকে দেশে বা বিদেশে অবস্থানরত একজন 'প্রগতিশীল' বাঙালী কবিকে এই পুরস্কার দেওয়া হবে। বাংলা সাহিত্যকে পৃষ্ঠপোষকতা প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ড. হুমায়ুন আজাদের স্মৃতি স্মরণীয় করে রাখাই এ পুরস্কার প্রদানের মূল উদ্দেশ্য। আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে তিনি বলেন, ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে যার শেষটি আগের পাঁচ বছরের মধ্যে প্রকাশিত হয়েছে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। মৌলী জানান, এ পুরস্কারের জন্য ২০১০ সালের ৩১ মার্চের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। সঙ্গে প্রকাশিত তিনটি বই পাঠাতে হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ হাজার টাকা , একটি ক্রেস্ট এবং হুমায়ুন আজাদের এক সেট কবিতার বই। পাঁচ বছরেও হুমায়ুন আজাদের ওপর হামলার বিচার শেষ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩৫৫ঘ.