গাজীপুর, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা থেকে অপহৃত এক শিশুকে মঙ্গলবার সকালে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মাধবপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব।
অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় ছয়জনকে।
উদ্ধার করা শিশুটি হল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. ইমন (৮)। সোমবার সকাল ৮টার দিকে বাড়ি পাশের শশীদল মাধ্যমিক শিশু নিকেতন নামের একটি বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক রায়হান আসগর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা ছয়জন হলেন- জামালপুরের মিয়াপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে জাকির হোসেন (১৬), ঢাকার আশুলিয়া থানাধীন পানিশাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রানা (২২), গাজীপুরের জয়দেবপুর থানাধীন জিরানীবাজার গ্রামের আবুল হোসেনের ছেলে মো. কিবরিয়া (২০), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. মানিক (১৯), ফরিদপুরের মধুখালী উপজেলার রামকান্তপুর গ্রামের সামসুদ্দিন মোল্লার ছেলে মো. বাশার (২০) এবং নারায়ণগঞ্জের রসুলবাগ এলাকার মো. মিন্টুর মেয়ে মুনি আক্তার নীলা (১৮)।
র্যাব কর্মকর্তা রায়হান আসগর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমনকে অপহরণের পর অপহরণকারীরা মোবাইল ফোনে তার বাবা আবুল হোসেনের কাছে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি ঘটনাটি ওইদিন (সোমবার) দুপুরেই রাজধানীর উত্তরার র্যাব-১ এর কর্মকর্তাদের জানান। র্যাবের গোয়েন্দারা অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন। পরে মোবাইল ফোনে অপহরণকারীদের সঙ্গে কথা বলেন। তাদের কথামত র্যাব সদস্যরা ছদ্মবেশে ইমনের বাবাসহ মুক্তিপণের টাকা নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে মাধবপুর গ্রামের ওয়াবদা গাবতলা নামক স্থানে যান।
সেখানে ইমনের বাবা অপহরণকারীদের টাকা দেওয়ার সময় ওঁৎ পেতে থাকা র্যাব সদস্যরা ওই ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং তিন প্যাকেট শুকনো মরিচের গুঁড়া উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24