রাজশাহী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব বিবরণী জমা না দেওয়ায় রাজশাহী জেলার ৬টি নির্বাচনী এলাকার ১০ প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তারা বাদী হয়ে রাজশাহীর রাজপাড়া, বোয়ালিয়া, পুঠিয়া ও বাগমারা থানায় মামলাগুলো করেন।
রাজশাহী বিভাগের উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মুহাম্মদ মূসা সাংবাদিকদের জানান, ৩১ জুলাই এজাহারগুলো সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব বিবরণী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল এ বছর ৩১ জানুয়ারি। নির্বাচনী আইনে হিসাব দিতে ব্যর্থ প্রার্থীদের বিরুদ্ধে পরবর্তী ছয়মাসের মধ্যে মামলা করার বিধান রয়েছে।
সে হিসেবে মামলার করার শেষ সময় ছিল ৩১ জুলাই।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- রাজশাহী-২ আসনের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী এনামূল হক, বিকল্পধারা বাংলাদেশ এর প্রার্থী আকতারুজ্জামান বাবলু, রাজশাহী-৩ আসনের বিএনপিদলীয় প্রার্থী কবীর হোসেন, রাজশাহী-৪ আসনের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরদার আমজাদ হোসেন, সিপিবি প্রার্থী মোহাম্মদ মহসিন প্রামাণিক, রাজশাহী-৫ আসনের বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী মোক্তার হোসেন, সিপিবি প্রার্থী আবুল কালাম আজাদ, ন্যাশনাল পিপলস পার্টিও (এনপিপি) প্রার্থী শওকত হোসেন খান এবং রাজশাহী-৬ আসনের বিকল্পধারা প্রার্থী মাসকাওয়াত আহসান।
নির্বাচনে এরা সবাই পরাজিত হয়েছেন।
নবম সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ পর্যন্ত সারা দেশে ৫২ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ইসরাইল হোসেন।
এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্য মামলা হয়েছে ঢাকা বিভাগে ২৫টি এবং নোয়াখালীতে ১১টি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24