চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রামের আগ্রাবাদে একটি ব্যাংকের সামনে থেকে মঙ্গলবার ছিনতাইকারীরা গুলি করে এক ব্যক্তিকে হত্যা করে ১০ লাখ টাকা নিয়ে গেছে।
ছিনতাইকারীদের গুলিতে আবুল খায়ের গ্রুপের পরিবেশক এবং আফসানা ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক তৌহিদুল আলম (২৮) ঘটনাস্থলেই নিহত হন।
বেলা সাড়ে ১২টার দিকে ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তৌহিদুল আলমের সহকর্মী মিন্টু রঞ্জন বাবু আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফসানা ফ্লাওয়ার মিলের মালিক এবং আবুল খায়ের গ্রুপের পরিবেশক মাহবুব আলমও ঘটনার সময় মাইক্রোবাসে ছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ইসলামী ব্যাংকের গেটের সামনে মাইক্রোবাস থেকে নামামাত্র সশস্ত্র কয়েকজন ছিনতাইকারী তৌহিদুলের মাথায় পরপর দুইবার গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ছিনতাইকারীরা তার সঙ্গী মিন্টুকে চাপাতি দিয়ে হাতে আঘাত করে কাপড়ের ব্যাগে থাকা ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
নিহত তৌহিদুলের বাড়ি নোয়াখালী জেলায়।
মাহবুব আলম বলেন, এ ঘটনায় হতভম্ব হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
তিনি বলেন, "সোমবারও এই শাখায় ১২ লাখ টাকা জমা দিয়েছি।"
মাহবুব আলম অভিযোগ করেন, ঘটনার সময় কয়েক হাত দুরে পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা এগিয়ে আসেনি।
ঘটনার পরপরই বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার কুসুম দেওয়ান ঘটনাস্থল ও চমেক হাসপাতাল পরিদর্শন করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকারীরা পরিকল্পিত উপায়ে এ হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ওই ব্যবসায়ীরা এই ব্যাংকে নিয়মিত টাকা জমা দিতে আসায় ছিনতাইকারীদের এ চক্রটি তাদের অনুসরণ করে।"
কুসুম দেওয়ান বলেন, এত টাকা জমা দিতে আসার সময় পুলিশ প্রহরা নিলে এ ধরণের ঘটনা এড়ানো সম্ভব ছিল। ঘটনার দ্রুততার কারণে সেখানে উপস্থিত কেউই কি ঘটছে তা বুঝে উঠতে পারেনি।
ওই চক্রকে ধরতে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে বলেও তিনি জানান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এসকে/২১৩৩ঘ.
bdnews24