কুড়িগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতার পট পরিবর্তনে বিদেশি কূটনীতিকদের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তিনি বলেন, "ওয়ান ইলেভেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিদেশি কোন কূটনীতিকের ভূমিকা ছিল না। তবে ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ব্যবস্থা চলছে তাকে আমরা সমর্থন করি।"
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ সামরিক-মানবিক সহায়তা অনুশীলন'র সমাপনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মরিয়ার্টি এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হওয়া উচিত। তবে বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হতে হবে। রাজনৈতিক বিবেচনায় যেন বিচার করা না হয়।"
যৌথ সামরিক ও মানবিক অনুশীলন'র সমাপনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, "এ অনুশীলনের একটি তাৎক্ষণিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রকৌশল ও চিকিৎসা বিভাগের মধ্যে আত্ম সক্ষমতা বাড়ানো।"
এসব অনুশীলন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফলপ্রসু ও পারস্পরিক লাভজনক সম্পর্কের দৃষ্টান্ত বলেও তিনি জানান।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাব্বিরুল করিম।
অনুষ্ঠানে ৭২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নির্মিত চিলমারী উপজেলার রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত যৌথ চিকিৎসা শিবির পরিদর্শন করেন। সেখানে মরিয়ার্টি রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
গত ১ আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত বাংলাদেশ এবং মার্কিন সেনাবাহিনীর ডেনক্যাপ (ডেন্টাল ক্যাপাবিলিটি), মেডক্যাপ (মেডিকেল ক্যাপাবিলিটি) ও ইনক্যাপ (ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি) কর্মসূচির আওতায় চিলমারী উপজেলার চর শাখাহাতি ও রাধাবল্লভে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। উলিপুর ও চিলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয় বিনামূল্যে চিকিৎসা শিবির। এ শিবিরে প্রায় ১১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
যৌথ অনুশীলনে মার্কিন সেনাবাহিনীর ৬৩ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২২৬ জন সদস্য অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24