খাগড়াছড়ি, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়ছড়িতে আরও একটি অস্থায়ী সেনা ক্যাম্প সোমবার প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে জেলার চারটি অস্থায়ী সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হল।
দুপুরের মধ্যে জেলার দীঘিনালা উপজেলার পোমাংপাড়া অস্থায়ী সেনা ক্যাম্পটি প্রত্যাহার করা হয়। পানছড়ি উপজেলার ছনটিলা সেনা ক্যাম্প থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে। ক্যাম্পটি গুটিয়ে ফেলার প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান।
পাবর্ত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সেনা প্রত্যাহার করা হচ্ছে। ২৯ জুলাই সরকার তিন পার্বত্য জেলা থেকে একটি ব্রিগেড এবং ৩৫টি অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেয়।
এদিকে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার না করার দাবি জানিয়ে পানছড়িতে সোমবার সকালে বিশাল সমাবেশ করেছে পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ''সেনা প্রত্যাহার স্থানে আপাতত ভয়ের কিছু নেই। কিছু লোক আতংক ছড়াচ্ছে মাত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা নেই।''
তিনি জানান, পোমাংপাড়া ক্যাম্পে ৩৫ জন সেনা সদস্য ছিলেন। দুপুরের মধ্যে ক্যাম্প প্রত্যাহার সম্পন্ন হয়। ছনটিলা ক্যাম্প থেকে ২০-২৫ সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আরও কয়েকজন সেনা সদস্য রয়ে গেছেন। সোমাবার বিকেল ৫টার মধ্যে ক্যাম্পটি গুটিয়ে ফেলার কথা রয়েছে।
এদিকে, প্রতিবাদ সমাবেশে পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখা সভাপতি আলমগীর হোসেন দাবি করেন, সেনা প্রত্যাহার করা হলে পাহাড়ের অধিবাসীদের নিরাপত্তা বিঘি
bdnews24