গোপালগঞ্জ, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে সোমবার গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে।
কর্মসূচি পালনকারীরা একইসঙ্গে পিলখানায় সেনাকর্মকর্তা হত্যাকাণ্ডের বিচারও চেয়েছেন, শাস্তি চেয়েছেন দোষী বিডিআর জওয়ানদের।
গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে আধা ঘণ্টার ওই মানবন্ধনে বিভিন্ন বয়সি কয়েকশ মানুষ অংশ নেন।
গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা, যশোর, বাগেরহাট ও বরিশাল জেলার আটক বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনের ডাক দেয় খাগড়াছড়িতে আটক বিডিআর সদস্যদের (গোপালগঞ্জের বাসিন্দা) পরিবার।
'নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চাই', 'সেনা কর্মকর্তা হত্যার শাস্তি চাই' লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা।
এ ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ হাজারেরও বেশি বিডিআর সদস্য গ্রেপ্তার রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24